কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পন্ড করে দিল পুলিশ
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কেন্দ্র ঘোষিত “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা- তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা” শিরোনামে এই বৈঠকের আয়োজন করেছিল সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখা।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে তা পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হয়নি।
হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুষ্ঠান সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছিল।
সোমবার গোলটেবিল বৈঠক শুরু হওয়ার পর বেলা সোয়া ১১ টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল।
এ সময় কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমান হিমসেলের সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ সভাপতি তসলিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলার নারী সম্পাদক সাথী আক্তার কলি।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে এসে এ বৈঠকের অনুমতি নেই বলে বাধা দেন। ফলে হেযবুত তওহীদের নেতা–কর্মীরা বৈঠক করতে পারেননি। পরে সংগঠনের লিফলেট বিতরণ করে উপস্থিতিদের বিদায় দেয়া হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমরাও আমাদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের কাছে দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়েই আমরা সারাদেশে আলোচনা সভা ও বৈঠক করে যাচ্ছি। কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়াটা দুঃখজনক।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যম কে জানান, ‘তারা এই অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।এ জন্য আমরা তাদের অনুষ্ঠান বন্ধ করেছি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































